উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী সবসময় কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে নেওয়া বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।তিনি বলেন, দেশের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। তবে তরুণ সমাজের মেধা, দেশপ্রেম ও উদ্ভাবনী শক্তি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।বিএনপির মহাসচিব আরও বলেন, একটি দেশকে নতুনভাবে গড়ে তুলতে সুপরিকল্পিত কর্মপরিকল্পনার প্রয়োজন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে উন্নয়ন ও সংস্কারভিত্তিক একটি পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।তরুণদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ উন্নয়নে তরুণদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী চিন্তা ও দৃঢ় মনোভাব বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ অতীতের বিভিন্ন সংকট কাটিয়ে যেমন ঘুরে দাঁড়িয়েছে, তেমনি বর্তমান চ্যালেঞ্জও সফলভাবে মোকাবিলা করে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।স্কাই টাইমস / এমএ / ৩০ জুলাই