উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
হবিগঞ্জে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর একাধিক স্থানে পুলিশি বাধার মুখে পড়েছে। প্রথমে শ্রীমঙ্গলে আটকানোর চেষ্টা করে পুলিশ, এরপর পুলিশি বাঁধা ডিঙ্গিয়ে আগাতে থাকে এনসিপি নেতারা। এমন চারটি ব্যারিকেড পার হওয়ার পর সবশেষ ট্রাক দিয়ে রাস্তা ব্লক করে আটকে দেয়া হয় এনসিপি নেতাদের। এইসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা রাস্তায় বসে পড়েন। বুধবার (২৯ জুলাই) বিকেলে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।এনসিপি সূত্র জানায়, হবিগঞ্জে আগের দিনের হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সড়কপথে রওনা হন। বহরে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নারী এমপি মাহমুদা মিতুসহ দলের শীর্ষ নেতারা।এনসিপির অভিযোগ, বিকেল থেকে বিভিন্ন স্থানে তাদের গাড়িবহর থামিয়ে দেওয়া হয়। নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রথমে পুলিশ তাদের গতিরোধ করে। পরে সড়কে ট্রাক দাঁড় করিয়ে ও সেটির চাকা পাংচার অবস্থায় রেখে পথ বন্ধ করা হয়। এরপর আরেকটি স্থানে ট্রাক্টর রেখে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, একের পর এক বাধা অতিক্রম করে তারা হবিগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছেন এবং চতুর্থ ব্যারিকেডও পার হয়েছেন।এদিকে ছাত্রদলের কিছু নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।অন্যদিকে শ্রীমঙ্গল থানার এক কর্মকর্তা জানান, নেতাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই কিছু সময়ের জন্য তাদের গাড়িবহর থামানো হয়েছিল। পরে তারা সেখান থেকে এগিয়ে যান।উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে দলটির নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। ওই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। তবে একই দিনে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। যারফলে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই