উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
বাজারে বাজারে বিক্রি হওয়া খোলা ও বোতলজাত সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করে ৬ ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত করেছেন গবেষকেরা। পরীক্ষায় দেখা গেছে, সংগ্রহ করা প্রতিটি নমুনাতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে, যদিও পলিমারের ধরন ও পরিমাণে ভিন্নতা দেখা গেছে।বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর পরিবেশবিজ্ঞান বিভাগের একদল গবেষক ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোট ৬০টি সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করে এ গবেষণা পরিচালনা করেন।গবেষণায় শনাক্ত হওয়া পলিমারের মধ্যে রয়েছে লো-ডেনসিটি পলিইথিলিন (এলডিপিই), হাই-ডেনসিটি পলিইথিলিন (এইচডিপিই), পলিপ্রোপিলিন (পিপি), পলিইথিলিন টেরেফথালেট (পিইটি), পলিইউরেথেন এবং নাইলন। গবেষকদের মতে, এসব প্লাস্টিকের ক্ষুদ্র কণা উৎপাদন, সংরক্ষণ, পরিবহন কিংবা প্যাকেজিংয়ের বিভিন্ন ধাপে ভোজ্যতেলের সঙ্গে মিশে যেতে পারে।গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সয়াবিন তেলের নমুনায় পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি শনাক্ত হওয়া। গবেষকদের দাবি, ভোজ্যতেলে এই দুই ধরনের পলিমারের উপস্থিতি এবারই প্রথম শনাক্ত হয়েছে।তাদের ধারণা, উৎপাদন ও পরিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি, ফিল্টার, সিলিং উপকরণ বা প্যাকেজিংসামগ্রী থেকে এসব কণা তেলে যুক্ত হতে পারে। তবে কোন নির্দিষ্ট ধাপে কোন পলিমার প্রবেশ করেছে, তা এই গবেষণায় নিশ্চিত করা সম্ভব হয়নি।গবেষণার ফলাফলে আরও দেখা যায়, শনাক্ত হওয়া মাইক্রোপ্লাস্টিকের প্রায় ৮২ দশমিক ৫ শতাংশই তন্তু বা ফাইবার আকৃতির। এছাড়া খণ্ডিত কণা, ফিল্ম, ফোম, পেলেট ও বিড আকৃতির মাইক্রোপ্লাস্টিকও পাওয়া গেছে।পরীক্ষায় প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। একই সঙ্গে দেখা গেছে, বোতলজাত বা ব্র্যান্ডেড তেলের তুলনায় খোলা ও ব্র্যান্ডবিহীন সয়াবিন তেলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি।স্কাই টাইমস / এমএ / ২৯ জুলাই