উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা: বিএনপি সরকারের বিরুদ্ধে প্রথম কোন গুমের অভিযোগের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, বাগেরহাটের মোংলার জেলে মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে গুমের অভিযোগ হিসেবে গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।নিউইয়র্কভিত্তিক সংস্থাটি বলেছে, ৩০ বছর বয়সী মিরাজ শেখকে সর্বশেষ কোস্ট গার্ডের হেফাজতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাটি শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত দুই বছরের মধ্যে প্রথম গুমের ঘটনা হতে পারে।এছাড়া এইচআরডব্লিউ সরকারের প্রতি গুম প্রতিরোধে নেওয়া সংস্কারমূলক উদ্যোগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংস্থাটি।বিবৃতিতে উল্লেখ করা হয়, কোস্ট গার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বারবার দাবি করেছেন যে, মিরাজ শেখ কখনও কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন না এবং এ বিষয়ে বাহিনীর কাছে কোনো তথ্য নেই।তবে একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এইচআরডব্লিউ জানিয়েছে, চলতি বছরের ১০ এপ্রিল মোংলায় কোস্ট গার্ডের সদস্যরা একটি স্পিডবোটে করে মিরাজ শেখকে নিয়ে যান। পরদিন তাঁর পরিবারের সদস্যরা দিগরাজ কোস্ট গার্ড কার্যালয়ে গেলে প্রথমে তাদের জানানো হয়, তিনি একটি অভিযানে রয়েছেন এবং পরে আসতে বলা হয়। কিন্তু পরে গেলে কর্মকর্তারা জানান, মিরাজ কখনও সেখানে ছিলেন না।নিখোঁজের প্রায় আড়াই মাস পর, ২২ জুন মিরাজের বাবা মোস্তফা শেখ হাইকোর্টে রিট আবেদন করেন। পরে ১২ জুলাই হাইকোর্ট মিরাজ শেখকে ১৫ কার্যদিবসের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন।এইচআরডব্লিউর মতে, ঘটনাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে গুমের অভিযোগগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সংস্থাটি আরও উল্লেখ করেছে, সাবেক অন্তর্বর্তী সরকারের গঠিত গুমবিষয়ক স্বাধীন তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে দেড় হাজারের বেশি গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে অন্তত ২৫১ জন আর ফিরে আসেননি এবং তাদের মৃত বলে ধারণা করা হয়। এছাড়া ৩৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মিরাজ শেখের ঘটনাকে বিচ্ছিন্ন অভিযোগ হিসেবে দেখলে চলবে না; বরং বিষয়টি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।স্কাই টাইমস/ এমএ/ ২৭ জুলাই