উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
ইসলামী ব্যাংকের কথিত ৮০ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ইতোমধ্যে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।শনিবার (২৫ জুলাই) মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, আগামী বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিএফআইইউর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে মো. সাহাবুদ্দিন জেএমসি বিল্ডার্সের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে ২৪টি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে মোট প্রায় ৮০ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে জেএমসি বিল্ডার্সও ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট ঋণের অর্থ এখনো ব্যাংকে পরিশোধ করা হয়নি।তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।স্কাই টাইমস / এমএ / ২৫ জুলাই