উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
সিলেটে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে তারা পূর্ণ পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারবে না।শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার এবং গণভোটের মাধ্যমে পাওয়া জনরায় বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, সরকারকে জনগণের দেওয়া রায় ও সংস্কারের দাবির প্রতি সম্মান দেখাতে হবে। তার দাবি, গণভোটে বিপুল সংখ্যক মানুষ সংস্কার এবং জুলাই সনদের পক্ষে মত দিয়েছেন। সেই জনমত উপেক্ষা করা হলে রাজনৈতিকভাবে এর পরিণতি সরকারকেই বহন করতে হবে।তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন তাঁর। জনগণের রায়কে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদে নির্বাচিত সরকারের দায়িত্ব পালন করবেন, নাকি সেই রায় উপেক্ষা করে রাজনৈতিক সংকট তৈরি করবেন— সে সিদ্ধান্ত তাঁরই নেওয়া উচিত।ভারতে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের মধ্যে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের যে ধারা তৈরি হয়েছে, সেটিকে তিনি জুলাই বিপ্লবের ধারাবাহিকতা হিসেবে দেখেন। তাঁর ভাষ্য, বিভিন্ন দেশের সরকার এখন তরুণদের দাবি ও জনমতের প্রতি আরও সতর্ক হলেও বাংলাদেশে সরকার সে পথ অনুসরণ করছে না।নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনের পর গঠিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল তারা সংস্কার ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু বাস্তবে জনগণের দেওয়া গণরায় এবং রাজনৈতিক সংস্কারের বিষয়ে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।সমাবেশে তিনি জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং গণভোটের মাধ্যমে পাওয়া সংস্কার-সংক্রান্ত জনরায় বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন।স্কাই টাইমস / এমএ / ২৫ জুলাই