উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) বলেছেন, তিনি কোনো চোর বা অপরাধী নন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সবসময় মাথা উঁচু করে কাজ করেছেন এবং দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।শুক্রবার পদত্যাগ পত্র জমা দেয়ার পর ডিভিসি নিউজের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এই সময় রাষ্ট্রপতি বলেন,“আমি চোর নই, অপরাধী নই। আমি রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ২০২৪ সালের ৫ আগস্টের সংকটের সময়ও আমি দায়িত্ব পালন করেছি। আমি নিজেকে গর্বিত মনে করি। একটি বড় সংকটের সময় আমি সংবিধানকে ধরে রেখেছি।”তিনি আরও বলেন, সেই সময় আমি একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেই। তারা দায়িত্ব পালন করেছে। পরে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বলতে গেলে এই পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হওয়ার পেছনে আমারও কৃতিত্ব রয়েছে।”বঙ্গভবনে আর কতদিন থাকবেন—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, “আর এক মাস থাকতে পারব, সেটা কথা না। আমি যত দ্রুত সম্ভব গুলশানের বাসায় চলে যাব।”পদত্যাগের জন্য কোনো ফোন বা চাপ পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, কোনো ফোন পাইনি। এসব সম্পূর্ণ মিথ্যা প্রচার।”এর আগে মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় ২ বছর বাকি থাকতেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের নিয়ম অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই