উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন—এ প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। যদিও দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি, তবে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।দলীয় সূত্রগুলোর দাবি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক বিবেচনার ভিত্তিতেই হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।এদিকে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে তিনি দায়িত্ব থেকে সরে যাওয়ার আগ্রহের কথাও প্রকাশ করেছিলেন। তিনি ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে সংসদ-সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই সাধারণত রাষ্ট্রপতি নির্বাচিত হন।সম্ভাব্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেনকে দলের সবচেয়ে জ্যেষ্ঠ নেতাদের একজন হিসেবে দেখা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন সময়েও তিনি বিএনপির সঙ্গে ছিলেন, যা তাকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রেখেছে।অন্যদিকে, দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন। রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাকে নিয়েও জোর আলোচনা রয়েছে।এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে ঘুরে ফিরে আসছে। দলীয় নীতিনির্ধারণ, বক্তব্য ও রাজনৈতিক কৌশল নির্ধারণে তার ভূমিকা দীর্ঘদিনের। যদিও তাকে রাষ্ট্রপতি না করা হলে সরকারের রাজনৈতিক উপদেষ্টা কিংবা জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব দেওয়া হতে পারে—এমন আলোচনা দলীয় মহলে রয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং নতুন মন্ত্রিসভার শপথের মধ্যেই সরকারের গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা জোরদার হয়েছে।তবে রাষ্ট্রপতি পদে কে চূড়ান্ত মনোনয়ন পাবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নতুন মন্ত্রিসভার গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।স্কাই টাইমস / এমএ / ২৪ জুলাই