উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও স্পিনার মেহেদী হাসান মিরাজের বিরুদ্ধে আর্থিক জরিমানার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পৃথক শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিসিবি সূত্রে জানা গেছে, লিটন দাসের বিরুদ্ধে বোর্ডকে অবহিত না করে চীন সফরে যাওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ না পাওয়ার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেন মেহেদী হাসান। দুটি ঘটনাকেই আচরণবিধির পরিপন্থী হিসেবে বিবেচনা করেছে ডিসিপ্লিনারি কমিটি।বিসিবির পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, শুনানিতে লিটন ও মেহেদী দুজনই নিজেদের ভুল স্বীকার করেছেন। তবে আচরণবিধি ভঙ্গের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপের সুপারিশ করা হয়েছে।গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পান লিটন দাস। সেই চোটের কারণে তিনি টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে খেলতে পারেননি। পুনর্বাসন চলাকালীন সময়েই বিসিবিকে না জানিয়ে চীন সফরে যান তিনি। জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার এবং টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বোর্ডকে অবহিত না করায় তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা না পাওয়া নিয়ে সংবাদমাধ্যমের সামনে অসন্তোষ প্রকাশ করেন মেহেদী হাসান। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে বুধবার সন্ধ্যায় ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে অংশ নেন তিনি।ডিসিপ্লিনারি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিবি শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই