উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
ভারতের রাজধানী দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক জনপ্রিয় তারকা। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি হামলার নিন্দা জানিয়ে তারা সরকারের প্রতি শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বিবেচনার আহ্বান জানিয়েছেন।সংহতি জানানো তারকাদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট, দিলজিৎ দোসাঞ্জ, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, পূজা ভাট ও শাবানা আজমি।জুলাইয়ের শুরু থেকে নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের অন্যতম দাবি, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনের অংশ হিসেবে অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। এই আন্দোলনের অন্যতম মুখ প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে অভিনেত্রী আলিয়া ভাট সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “শিক্ষার্থীদের সাহস আমাকে নম্রতা শিখিয়েছে। তাদের সংকল্প আমাদের সবার সামনে এমন একটি আয়না তুলে ধরেছে, যা ভাবতে বাধ্য করে—দেশের ভবিষ্যৎ যাদের হাতে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি?”তিনি আরও লেখেন, “দেশের শিক্ষার্থীদের প্রতি আমার পূর্ণ সংহতি। কারণ, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জয় হিন্দ।”এদিকে আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলিউডের আরও কয়েকজন তারকাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা শান্তিপূর্ণ আন্দোলনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।স্কাই টাইমস / এমএ /২৩ জুলাই