উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের শিগগিরই দায়িত্ব পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন এবং প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন বলেও জানা গেছে।সম্প্রতি আল–জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর বিভিন্ন মহলে স্বাস্থ্যগত কারণেই তিনি দায়িত্ব ছাড়তে পারেন—এমন জল্পনা ছড়িয়ে পড়ে।তবে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত সরকার, বিএনপি কিংবা বঙ্গভবনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বক্তব্য দেওয়া হয়নি।বঙ্গভবনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতি ব্যক্তিগত আলাপচারিতায় প্রায়ই নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বলেছেন, প্রয়োজন হলে তিনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।রাষ্ট্রপতির স্বাস্থ্যগত পরিস্থিতিও সাম্প্রতিক আলোচনার একটি বড় কারণ। গত মে মাসে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান। সেখানে কেমব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনিতে গুরুতর ব্লক ধরা পড়ে। পরে এনজিওপ্লাস্টির মাধ্যমে সেখানে একটি স্টেন্ট বসানো হয়। কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তিনি দেশে ফেরেন। তখন বঙ্গভবন জানিয়েছিল, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপের অংশ হিসেবেই তিনি যুক্তরাজ্যে যান।চিকিৎসাধীন অবস্থাতেও রাষ্ট্রপতি রাষ্ট্রীয় দায়িত্ব পালন অব্যাহত রাখেন। ডিজিটাল মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে অনুমোদন দেন এবং লন্ডনে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া সম্প্রতি ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে বাণীও দিয়েছেন তিনি।এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি। সাধারণত বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সফরের বিষয়ে অবহিত করেন। এবার সেই তথ্য প্রকাশ না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন বলেছিলেন, সংসদ নির্বাচনের পর দায়িত্ব ছাড়ার ইচ্ছা রয়েছে তাঁর। সে সময় তিনি জানিয়েছিলেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে তিনি আগ্রহী।তবে সব আলোচনা ও গুঞ্জনের মধ্যেও রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই