উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দলের দাবি, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি প্রয়োজনীয় পদক্ষেপের জন্য নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও জানিয়েছে দলটি। ফলে তার সংসদ সদস্য পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের সম্ভাবনা রয়েছে।এ পরিস্থিতিতে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত, সম্ভাব্য উপ-নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।একটি অডিওবার্তায় হিরো আলম বলেন, সংসদ সদস্য হওয়া তার দীর্ঘদিনের ইচ্ছা। তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেলে তিনি ভোটে অংশ নিতে চান। তার ভাষ্য, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন হলে তিনি প্রার্থী হবেন এবং নির্বাচনী পরিবেশ কতটা নিরপেক্ষ থাকে, সেটিও দেখতে চান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, অতীতের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো ধরনের বাধার মুখে পড়েন কি না, সেটিও দেখার অপেক্ষায় আছেন।স্কাই টাইমস / এমএ / ২২ জুলাই