উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহাবুব আলম ||
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর অন্তত ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (২২ জুলাই) সকাল থেকে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও, খান মার্কেটসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।ডিএমআরসি এক্সে প্রকাশিত এক বার্তায় জানায়, লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ সুবিধা চালু রাখা হয়েছে।পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে সংসদ অভিমুখে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করে সিজেপি। কর্মসূচিতে অংশ নিতে বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে জড়ো হওয়ায় এর আগেও কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।এদিকে, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করতে গেলে তাকে আটক করা হয়। পরে তিনি সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।স্কাই টাইমস / এমএ / ২২ জুলাই