উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ভিডিওতে থাকা তরুণী এবং তার বাবা। তাদের দাবি, গাজী নজরুল ইসলামের সঙ্গে ওই তরুণীর বৈধভাবে বিয়ে হয়েছে।এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভিডিওতে দেখা যাওয়া তরুণীর নাম মরিয়ম খাতুন।মরিয়মের বাবা মাসুম বিল্লাহ দাবি করেন, চলতি বছরের ১৭ জুন ৩ লাখ টাকা দেনমোহরে তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। তিনি বলেন, ওইদিন তারা রাজধানীর মগবাজারে তার ব্যবসায়িক অফিসে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানেই ভিডিওটি ধারণ করা হয়। এ ঘটনায় তার শ্যালক ওবায়দুল্লাহ জড়িত বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ওবায়দুল্লাহ তার অফিসে সহকারী হিসেবে কাজ করতেন।অন্যদিকে মরিয়ম খাতুনও বলেন, গাজী নজরুল ইসলাম তার স্বামী এবং তাদের মধ্যে বৈধভাবে বিয়ে হয়েছে। তিনি জানান, সেদিন তারা ঘুরতে গিয়ে তার বাবার অফিসে কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন। এছাড়া তিনি জানান, এ বছর তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন।ভাইরাল ভিডিও প্রসঙ্গে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, গাজী নজরুল ইসলাম তাদের জানিয়েছেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।দ্বিতীয় বিয়ের তারিখ সম্পর্কে জানতে চাইলে আজিজুর রহমান বলেন, নির্দিষ্ট তারিখ তার জানা নেই। তবে বেশ কিছুদিন আগে বিয়েটি সম্পন্ন হয়েছে বলে তারা জেনেছেন।এদিকে, বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পোস্টে বক্তব্য দিয়েছেন গাজী নজরুল ইসলাম। তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।তার দাবি, ওই সময় তার গাড়িচালক এবং দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি কয়েকজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করেন এবং ১ লাখ টাকা আদায় করেন। এছাড়া তারা ব্যবহৃত ভাড়ার গাড়িটিও আটকে রেখে আরও কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।গাজী নজরুল ইসলাম আরও দাবি করেন, পরে তিনি জানতে পারেন, দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্ববর্তী পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এই ঘটনার সূত্রপাত।ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ব্যক্তিগত বিদ্বেষ ও স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ওবায়দুল্লাহ তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে ওই ভিডিওকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে বলে দাবি করে তিনি এ ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। স্কাইটাইমস/টিএম/২১ জুলাই