উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগ ও দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ আন্দোলনকারীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি।সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এ ঘটনায় নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন।বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং আইনসম্মতভাবে প্রতিবাদ করার অধিকার নাগরিকদের মৌলিক অধিকার। ভিন্নমতকে বলপ্রয়োগ বা দমন-পীড়নের মাধ্যমে নয়, বরং সংলাপ, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মাধ্যমে মোকাবিলা করা উচিত।তারা উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে বিপুলসংখ্যক তরুণ-তরুণী আন্দোলনে অংশ নেন। অভিযোগ রয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ ও বলপ্রয়োগ করেছে এবং আন্দোলনের কয়েকজন নেতাকেও আটক করেছে। এসব তথ্য সঠিক হলে তা নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।বিবৃতিতে আরও বলা হয়, তরুণদের কণ্ঠরোধ করে নয়, বরং তাদের কথা শোনার মধ্য দিয়েই গণতন্ত্র শক্তিশালী হয়। তাই শান্তিপূর্ণ ও বৈধ গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সম্মান দেখানো প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব।জাতীয় যুবশক্তি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ঘটনাটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে, অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে হবে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখতে হবে।একই সঙ্গে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের প্রতি গণতান্ত্রিক সংহতি প্রকাশ করেছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, ন্যায়বিচার, জবাবদিহিতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলন কোনো একটি দেশের সীমাবদ্ধ বিষয় নয়; বরং তা স্বাধীনতা, মর্যাদা ও গণতান্ত্রিক শাসনের সার্বজনীন আকাঙ্ক্ষার প্রতিফলন।স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই