উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
শেরপুর শহরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত জেলার একমাত্র বেসরকারি হিমাগার ‘তাজ কোল্ড স্টোরেজ’-এ অ্যামোনিয়া গ্যাস লিকেজের ঘটনায় প্রায় ৫৭ হাজার বস্তা আলু নষ্ট হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।সোমবার (২০ জুলাই) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।নষ্ট হওয়া আলুর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বীজ আলু থাকায় আগামী মৌসুমে বীজ সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষও জানিয়েছে, কৃষক ও মজুতদারদের সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে।কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মৌসুমে শেরপুর জেলায় ৫ হাজার ৪৫ হেক্টর জমিতে আলুর চাষ হয় এবং উৎপাদন হয় প্রায় ১ লাখ ৯০০ মেট্রিক টন। বাজারে দাম কম থাকায় অধিকাংশ কৃষক লাভের আশায় এবং পরবর্তী মৌসুমের বীজ সংরক্ষণের জন্য প্রতিবছর কোল্ড স্টোরেজে আলু মজুত করেন।জেলায় সরকারি দুটি বীজ আলুর হিমাগারে মাত্র ৩ হাজার মেট্রিক টন সংরক্ষণের সুযোগ থাকায় কৃষকদের প্রধান ভরসা তাজ কোল্ড স্টোরেজ। প্রায় ১০ হাজার মেট্রিক টন বা ১ লাখ ৭৩ হাজার বস্তা ধারণক্ষমতার এই হিমাগারে বস্তাপ্রতি ৩৬০ টাকায় নভেম্বর পর্যন্ত বীজ ও খাবার আলু সংরক্ষণ করা যায়। শেরপুর ছাড়াও আশপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকেও এখানে আলু রাখা হয়।গত ১৪ জুলাই হিমাগারের রেফ্রিজারেশন ইউনিটের একটি পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে। প্রথমে স্টোরেজের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস গ্যাস লিকেজ নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে গ্যাস ছড়িয়ে পড়ায় তিনটি চেম্বারের মধ্যে দ্বিতীয় চেম্বারে সংরক্ষিত প্রায় ৫৭ হাজার বস্তা, অর্থাৎ ৩ হাজার ১০০ টনের বেশি আলু নষ্ট হয়ে যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়লে রোববার ক্ষতিগ্রস্ত কৃষকরা কোল্ড স্টোরেজের সামনে বিক্ষোভ করেন। সামনের মৌসুমে চাষাবাদের জন্য প্রয়োজনীয় বীজ হারিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন।সদর উপজেলার হেরুয়া গ্রামের কৃষক সুলতান মিয়া জানান, আগামী মৌসুমের জন্য তিনি ৫১ বস্তা বীজ আলু সংরক্ষণ করেছিলেন। কিন্তু গ্যাস লিকেজে সব আলু নষ্ট হয়ে যাওয়ায় এখন নতুন করে চাষাবাদ কীভাবে করবেন, তা নিয়ে উদ্বিগ্ন।একই ধরনের ক্ষতির কথা জানিয়েছেন পার্শ্ববর্তী লতারিয়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, আনোয়ার হোসেনসহ আরও অনেক কৃষক।ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় আলু ব্যবসায়ীরাও। ব্যবসায়ী আব্দুল গণি বলেন, তার সংরক্ষিত ১ হাজার ৬৪০ বস্তা দেশি আলু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।তাজ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস লিকেজের কারণে এ ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী বৃহস্পতিবার কৃষক, মজুতদার ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।এদিকে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নষ্ট হওয়া আলুর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চেম্বার পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আলুর নমুনা পরীক্ষা করবে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে।স্কাইটাইমস/টিএম/২০ জুলাই