উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের বিপক্ষে বিশেষ সংস্করণের জার্সি পরে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনাল উপলক্ষে দলটির জার্সিতে যুক্ত করা হয়েছে একাধিক স্মারক ও বিশেষ প্যাচ, আর অধিনায়ক লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জন্য রাখা হয়েছে আলাদা সম্মাননা।নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।ফিফার নির্ধারিত নিয়ম অনুযায়ী, আর্জেন্টিনা এই ম্যাচেও তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ‘হোম কিট’ পরেই খেলবে। এর সঙ্গে থাকবে সাদা শর্টস ও সাদা মোজা। চলতি বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষেও একই কিটে খেলেছিল লিওনেল স্ক্যালোনির দল।গোলরক্ষকদের জন্য রাখা হয়েছে সম্পূর্ণ সবুজ রঙের জার্সি। এছাড়া আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগোর নিচে ফাইনালের স্মারক হিসেবে ইংরেজিতে ম্যাচের বিবরণ—‘Spain vs Argentina – 19 July 2026 – New York, New Jersey’—মুদ্রিত থাকবে। প্রতিটি ম্যাচেই এমন তথ্য সংযোজন করা হলেও ফাইনালের জার্সিকে বিশেষ সংস্করণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।জার্সির বাঁ হাতায় থাকবে ফিফার ঐতিহ্যবাহী ‘Football Unites the World’ প্যাচ, যা ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও ব্যবহৃত হয়েছিল। ডান হাতায় থাকবে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল লোগো এবং বুকের মাঝখানে থাকবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সোনালি ব্যাজ।অধিনায়ক লিওনেল মেসির জার্সিতে থাকছে বিশেষ ‘Legacy’ প্যাচ, যা তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলার স্বীকৃতি বহন করবে। পাশাপাশি ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে অর্জিত গোল্ডেন বলের স্মারক হিসেবে যুক্ত করা হয়েছে আরও একটি বিশেষ ব্যাজ।দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের জার্সিতেও থাকছে ব্যক্তিগত সম্মাননা। ২০২২ কাতার বিশ্বকাপে জেতা গোল্ডেন গ্লাভসের স্বীকৃতিস্বরূপ তার জার্সিতে সংযোজন করা হয়েছে বিশেষ একটি প্যাচ।এদিকে, বদলি গোলরক্ষক জেরোনিমো রুলি বা হুয়ান মুসো ফাইনালে মাঠে নামার সুযোগ পেলে তারা ‘বিশ্বকাপ অভিষেক’ স্মারক ব্যাজ পরে খেলতে পারবেন। কারণ, চলতি আসরে এখন পর্যন্ত তাদের কারও মাঠে নামা হয়নি।স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই