উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ডিজিটাল স্ট্রিমিংয়ের যুগেও আবার জনপ্রিয় হয়ে উঠছে সিডি। বিশ্বের অন্যতম মিউজিক ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘লুমিনেট’-এর ২০২৬ সালের মধ্যবর্ষ (মিড-ইয়ার) প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরে বিশ্বজুড়ে সিডি বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্লেষকদের মতে, বিশেষ করে নতুন প্রজন্মের শ্রোতাদের মধ্যে পুরোনো গানের প্রতি আগ্রহ বাড়ায় এই প্রবণতা আরও জোরালো হচ্ছে।প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সিডি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়ে ১ কোটি ৬৩ লাখ (১৬.৩ মিলিয়ন) ইউনিটে পৌঁছেছে। অন্যদিকে একই সময়ে ভিনাইল রেকর্ডের বিক্রি বেড়েছে মাত্র ২ দশমিক ৪ শতাংশ।লুমিনেটের তথ্য বলছে, সিডি বিক্রির এ বৃদ্ধিতে কে-পপ ব্যান্ড বিটিএসের ‘আরিরাং’ অ্যালবামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে বিটিএস এবং সামগ্রিক কে-পপ ক্যাটালগের বিক্রি বাদ দিয়েও সিডির বাজারে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ফলে বিশ্লেষকদের ধারণা, এ প্রবণতা কেবল একটি জনপ্রিয় অ্যালবামের প্রভাব নয়; বরং ফিজিক্যাল মিউজিক ফরম্যাটের প্রতি শ্রোতাদের নতুন আগ্রহেরই প্রতিফলন।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে জেনারেশন জেড (জেন-জি) শ্রোতাদের ৬০ শতাংশ নব্বইয়ের দশক বা তার আগের গান শুনতে বেশি পছন্দ করেন। অথচ ২০২১ সালে এই হার ছিল মাত্র ১৮ শতাংশ। গবেষকদের মতে, পুরোনো গানের প্রতি এই নস্টালজিয়াই তরুণদের মধ্যে সিডি সংগ্রহ ও ব্যবহারের আগ্রহ বাড়িয়ে তুলছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও পুরোনো সিডি ও অ্যালবাম সংগ্রহ নিয়ে নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই নিজেদের সংগ্রহে থাকা কিংবদন্তি শিল্পীদের সিডির ছবি ও ভিডিও শেয়ার করছেন এবং জানাচ্ছেন, ডিজিটাল প্ল্যাটফর্মের আধিপত্যের মধ্যেও তারা এখনও সযত্নে এসব সংগ্রহ সংরক্ষণ করে রেখেছেন। কেউ কেউ আবার অডিও ক্যাসেট ও সিডির সেই পুরোনো দিনের অভিজ্ঞতা ফিরে পাওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করছেন।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই প্রবণতা প্রমাণ করে যে প্রযুক্তির অগ্রগতির পরও ফিজিক্যাল মিউজিক ফরম্যাটের প্রতি শ্রোতাদের আবেগ ও আকর্ষণ এখনও পুরোপুরি হারিয়ে যায়নি।স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই