উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
ফেনী সরকারি কলেজে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ব্যবহৃত ব্যানারে জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি না থাকায় আপত্তি জানিয়েছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের আপত্তির পর কলেজ কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে ওয়াসিমের ছবি সংযুক্ত করে নতুন ব্যানার টানায়। পরে সংশোধিত ব্যানারেই স্মরণসভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৬ জুলাই) কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহম্মদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।কলেজ-সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি এবং শিক্ষক পরিষদের সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শুরুর পর একপর্যায়ে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্চে উঠে ব্যানারে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি না থাকায় আপত্তি জানান। পরে তাদের দাবির মুখে আগের ব্যানার অপসারণ করে ওয়াসিমের ছবি সংযুক্ত নতুন ব্যানার টানানো হয়। এরপর সেই ব্যানারেই আলোচনা সভার কার্যক্রম সম্পন্ন হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক স্নাতক শিক্ষার্থী বলেন, অনুষ্ঠান শুরু হওয়ার পর একটি ছাত্রসংগঠনের আপত্তির মুখে কলেজ কর্তৃপক্ষকে ব্যানার পরিবর্তন করতে দেখে তারা বিস্মিত হয়েছেন। তার ভাষ্য, শিক্ষকদের সঙ্গে প্রকাশ্যে এ ধরনের আচরণ কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।ওই শিক্ষার্থী আরও দাবি করেন, জুলাই আন্দোলনে ফেনীর ১১ জন শহীদ রয়েছেন। তবে ব্যানারে তাদের মধ্যে মাত্র দুজনের ছবি ব্যবহার করা হয়েছিল। এরপরও চট্টগ্রামের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি যুক্ত করার দাবিতে এভাবে অনুষ্ঠান চলাকালে ব্যানার পরিবর্তনের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।স্কাই টাইমস / এমএ / ১৬ জুলাই