উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, হামলার শিকার সাংবাদিকদের প্রাথমিকভাবে মামলা করতে অনীহা প্রকাশ ভীতির সংস্কৃতি ও বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতার প্রতিফলন।টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, হামলাটি কোনো নির্দিষ্ট সাংবাদিক বা বিশেষ কোনো সংবাদ প্রকাশের জেরে হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা যে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।তিনি বলেন, কোনো ধরনের প্রভাব বা বিলম্ব ছাড়াই নিরপেক্ষ ও কার্যকর তদন্ত পরিচালনা করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি, পরিকল্পনাকারী এবং নির্দেশদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শুধু মামলা দায়ের করাই যথেষ্ট নয়; হামলার উদ্দেশ্য, কারা এতে জড়িত, কার নির্দেশে এটি ঘটেছে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না—এসব প্রশ্নের গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য উত্তর নিশ্চিত করতে হবে।ড. ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেন, তা না হলে অতীতের বহু ঘটনার মতো এ ঘটনাও বিচারহীনতার তালিকায় যুক্ত হওয়ার আশঙ্কা থেকে যাবে।সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি আরও জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, হামলার শিকার সাংবাদিকরা প্রথমদিকে মামলা করতে আগ্রহ দেখাননি। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে সংস্থাটি বলেছে, প্রতিশোধমূলক হামলার আশঙ্কা, নিরাপত্তাহীনতা এবং সাংবাদিকদের মধ্যে বিরাজমান ভীতির পরিবেশই এমন অনীহার অন্যতম কারণ।টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বর্তমান বাস্তবতায় কার্যকর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা ও আন্তরিকতা নিয়ে আস্থার সংকট রয়েছে বলেই মনে হয়।তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিদ্যমান নজরদারি সক্ষমতার প্রেক্ষাপটে এ ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করা অসম্ভব নয়। কিন্তু যে পরিস্থিতিতে হামলার শিকার ব্যক্তিরাই ন্যায়বিচার চাইতে ভয় পান, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিরাপদ থাকতে পারে না। এ ধরনের ভয় ও অনাস্থা স্বাধীন, অনুসন্ধানী এবং জনস্বার্থভিত্তিক সাংবাদিকতাকে নিরুৎসাহিত করে, পাশাপাশি প্রভাবশালী স্বার্থান্বেষী গোষ্ঠীকে আরও বেপরোয়া হওয়ার সুযোগ করে দেয়।টিআইবির মতে, এ পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি হামলার নিরপেক্ষ তদন্ত, বিচার এবং দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করা জরুরি। স্কাইটাইমস/টিএম/১৬ জুলাই