উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে রাজি হননি শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সংসদেই বক্তব্য দেবেন।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন আমার সাক্ষাৎকার দেওয়ার সময় নেই। আমি সাক্ষাৎকার দেব না। সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব, এরপর কথা বলব।’এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা ও সায়েন্সল্যাব মোড়ে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একই সময়ে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকাতেও একই দাবিতে আন্দোলন হয়।আন্দোলনকারীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।বিক্ষোভ শেষে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা হলে পথে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন। স্কাইটাইমস/টিএম/১৪ জুলাই