উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ইসরায়েলের সঙ্গে কথিত গোপন যোগাযোগের তথ্য পাওয়ার পর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখা গৃহবন্দি করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য জেরুজালেম পোস্ট জানায়, দ্য নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়, আহমাদিনেজাদের সঙ্গে ইসরায়েলের যোগাযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের পর তাকে আটক করে নিজ বাসভবনে নজরদারির মধ্যে রাখা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর ধরে ইসরায়েল আহমাদিনেজাদকে সম্ভাব্য গোয়েন্দা সম্পদ হিসেবে ব্যবহার করার চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি ইরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের পর তাকে দেশের নেতৃত্বে বসানোর পরিকল্পনাও ছিল বলে তদন্তে উঠে এসেছে।দ্য নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে বলা হয়, ২০২৪ সালের শুরুতে এ-সংক্রান্ত তৎপরতা শুরু হয়। সে সময় হাঙ্গেরি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা রেক্টর গেরগেই দেলি আহমাদিনেজাদকে জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি সম্মেলনে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেন। দেলির দাবি, তাকে জানানো হয়েছিল ওই সম্মেলনের আড়ালে আহমাদিনেজাদ ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন বৈঠকের আয়োজন করা হবে।দেলির ভাষ্য, নিজের ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মতে, শত্রু পক্ষগুলো যদি আলোচনায় বসতে চায়, তাহলে সেই সুযোগ করে দেওয়া উচিত।প্রতিবেদনে সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে আরও বলা হয়, মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া বুদাপেস্টে গিয়ে আহমাদিনেজাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়া তার মুখপাত্র আলি আকবর জাভানফেকরের কাছে কয়েক দফা গোপনে অর্থ পাঠানো হয় এবং ইসরায়েলি এজেন্টরা তার সঙ্গে একাধিক বৈঠক করেন বলেও দাবি করা হয়েছে।এর আগে ফেব্রুয়ারিতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, আহমাদিনেজাদের বাসভবনে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছিল। ওই হামলায় তার দেহরক্ষী ও ব্যবহৃত গাড়িকে লক্ষ্যবস্তু করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে মোসাদের সদস্যরা তাকে নিরাপদ একটি গোপন স্থানে সরিয়ে নেয় বলেও দাবি করা হয়। তবে তিনি কেন পরে সেই স্থান ত্যাগ করেন, তা স্পষ্ট নয়। দীর্ঘদিন জনসমক্ষে না থাকলেও পরবর্তীতে তাকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে আহমাদিনেজাদ আইআরজিসির গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছেন এবং তাকে গৃহবন্দি রাখা হয়েছে।আহমাদিনেজাদের সাবেক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আবদোলরেজা দাভারি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট অর্থের বিনিময়ে ইসরায়েলের সঙ্গে কাজ করেননি। তার ভাষায়, আহমাদিনেজাদের পর্যাপ্ত অর্থ ও বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে; তিনি মূলত রাজনৈতিক ক্ষমতায় ফিরে আসার আকাঙ্ক্ষা থেকেই এমন পদক্ষেপ নিয়েছিলেন।আহমাদিনেজাদের আরেক সহযোগীর দাবি, তিনি বিদেশি শক্তির সহায়তায় ইরানের নতুন শাসক হওয়ার ইচ্ছার কথাও ব্যক্ত করেছিলেন। তার আশঙ্কা ছিল, যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন একজনকে সামনে আনতে পারে, যিনি ইরানে অস্থিতিশীলতা তৈরি করবেন।একই সহযোগীর ভাষ্য অনুযায়ী, টানা তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষিত হওয়ার পর আহমাদিনেজাদ দেশটির রাজনৈতিক ব্যবস্থার ওপর আস্থা হারাতে শুরু করেন। পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে তার মতবিরোধও প্রকট হয়ে ওঠে। তিনি ক্ষমতায় ফিরতে পারলে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনার কথাও অতীতে উল্লেখ করেছিলেন বলে দাবি করা হয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে ইরান সরকার বা মাহমুদ আহমাদিনেজাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্কাইটাইমস/টিএম/১৩ জুলাই