উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ঢাকা: রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক তিনটি ফুটপাত থেকে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১২ জুলাই) সকালে আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানায়, পৃথক তিনটি স্থানে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা শাহবাগ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে আরও দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।পুলিশের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর এবং অপরজনের বয়স প্রায় ৫৫ বছর। অপর ব্যক্তির বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া তিন ব্যক্তির কারও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ভবঘুরে ছিলেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্কাইটাইমস/ টিএম/ ১২ জুলাই