উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম।রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় দুর্গত মানুষের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেশের চলমান বন্যা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দুর্যোগের এই সময়ে দায়-দায়িত্ব নিয়ে বিতর্কের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।নাহিদ ইসলাম বলেন, “যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষারোপ করে লাভ নেই, কারণ মানুষ কষ্টে আছে। এই সংকট মোকাবিলায় দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে এনসিপি বারবার কথা বলেছে। বিশেষ করে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হলেই সম্ভাব্য দুর্যোগের বিষয়টি সংসদে তুলে ধরা হয়েছিল। সে সময় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতির কথা জানানো হলেও বাস্তবে তা পর্যাপ্ত ছিল না বলে দাবি করেন তিনি।নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তায় প্রধানমন্ত্রীও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা করেন, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।স্কাই টাইমস / এমএ / ১২ জুলাই