উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশজুড়ে ট্যালেন্টপুল ও সাধারণ—দুই কোটায় মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করা হয়।মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও চূড়ান্তভাবে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল কোটায় রয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন।ট্যালেন্টপুল কোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অন্যদিকে সাধারণ কোটায় সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন ও বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র, যা মোটের ৪৫ দশমিক ২৯ শতাংশ। আর ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী, যা মোটের ৫৪ দশমিক ৭১ শতাংশ।এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে সরকারি বিদ্যালয় ছিল ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি।পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল মোট ৫ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ছিল ২ লাখ ৫৬ হাজার ১১৭ জন এবং ছাত্রী ২ লাখ ৮৮ হাজার ৯২৪ জন। নিবন্ধিতদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের মাধ্যম নয়; এটি তাদের প্রতিযোগিতামূলক মনোভাব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ ধাপ। সফলভাবে পরীক্ষা আয়োজন ও সম্পন্ন করতে সহযোগিতা করায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মন্ত্রণালয়।স্কাইটাইমস/টিএম/১২ জুলাই