উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।চিঠিতে বলা হয়, আসন্ন বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে কমিশন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩ (জ) অনুযায়ী ৩১ জুলাই ২০০৮ তারিখকে যোগ্যতা অর্জনের ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।কমিশনের অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৪ আগস্টের মধ্যে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ২৮ আগস্টের মধ্যে সংশোধিত তথ্য তালিকায় যুক্ত করা হবে। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।চিঠিতে আরও উল্লেখ করা হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সাধারণ মানুষকে তালিকা পরিদর্শন এবং প্রয়োজনীয় সংশোধনের আবেদন করতে উৎসাহিত করতে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক এবং কেবল অপারেটরদের সহযোগিতায় জনস্বার্থে বিষয়টি ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ ও নারী ভোটারের তথ্য, ধর্ম-সংক্রান্ত তথ্য বা অন্য কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন। স্কাই টাইমস/টিএম/৯ জুলাই