উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর তাকে নিজ জন্মস্থান মাশহাদে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে খামেনির মরদেহ ইরানে আনা হয়। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও জানাজার জন্য তা ইমাম রেজা মাজার কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি শিয়া মুসলিমদের কাছে অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত। কারণ, শিয়া মুসলিমদের অষ্টম ইমাম হিসেবে পরিচিত ইমাম রেজার মাজার এখানেই অবস্থিত।খামেনিকে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্তকে ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। শিয়া বিশ্বাস অনুযায়ী, নবম শতকে বিষ প্রয়োগে নিহত হওয়ার পর ইমাম রেজাকে এই স্থানেই সমাহিত করা হয়েছিল।উল্লেখ্য, বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির জন্মও মাশহাদে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও এই শহরের সন্তান ছিলেন। ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাকেও ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফন করা হয়। একসময় ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে রাইসির নাম আলোচনায় থাকলেও তার আকস্মিক মৃত্যু সেই সম্ভাবনার অবসান ঘটায়।স্কাই টাইমস / এমএ / ০৯ জুলাই