উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
স্নাতক (অনার্স) পর্যায় পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসারের পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে আরও সক্ষম করে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। তিনি বলেন, অতীতে খালেদা জিয়ার সরকার মেয়েদের এইচএসসি পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ চালু করেছিল। সেই ধারাবাহিকতায় এবার অনার্স বা ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন, সংসদ ভবনের গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীরাও এ অধিবেশন প্রত্যক্ষ করছেন। সরকার চায়, অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার পাশাপাশি যারা ভালো ফল করবে, তাদের মেধার ভিত্তিতে বৃত্তিও দেওয়া হবে।অন্যদিকে, মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।তিনি বলেন, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করবে।স্কাই টাইমস/টিএম/৮ জুলাই