উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
শেয়ারবাজারে অনিয়ম ও কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারীর পক্ষে পটুয়াখালী-৪ আসনের এক সংসদ সদস্য জানতে চান, আওয়ামী লীগ সরকারের সময়ে শেয়ারবাজারের ধারাবাহিক পতনের কারণ কী ছিল এবং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে কি না।জবাবে প্রধানমন্ত্রী বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত পরিচালনা করেছে। তদন্তে কয়েকজনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখার কার্যক্রম চলমান রয়েছে।তিনি আরও বলেন, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পতনের কারণ অনুসন্ধানে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ, বিনিয়োগকারী সংগঠন ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো কাজ করেছে। এসব অনুসন্ধানে বাজার কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো-কমানো, আইপিও ও বন্ড ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকি, করপোরেট সুশাসনের ঘাটতি, আর্থিক তথ্যের স্বচ্ছতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ, বাজারে আস্থার সংকট, নীতিগত অসঙ্গতি এবং পুঁজিবাজারবান্ধব করনীতির অভাবকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।প্রধানমন্ত্রী জানান, শেয়ারবাজারে কারসাজি, অনিয়ম ও দুর্নীতির ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট ১ হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করেছে। পাশাপাশি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়গুলো দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।তিনি বলেন, বর্তমান সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে সুশাসন নিশ্চিত করা, বাজারে নতুন পণ্যের সংযোজন, বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণ এবং বাজারের গভীরতা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। স্কাই টাইমস/টিএম/৮ জুলাই