উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
অর্থ পাচার, কর ও শুল্ক ফাঁকি, ব্যাংক জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে দেশের শীর্ষ ১০ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছে সরকারের গঠিত যৌথ তদন্ত দল। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠী ও ব্যক্তিদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনও জানিয়েছেন, যৌথ তদন্তে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখন সংগৃহীত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করে দেওয়ানি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হবে।সরকারের তদন্তের আওতায় রয়েছে—এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, সিকদার ও আরামিট গ্রুপ। এসব শিল্পগোষ্ঠীর ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি তাদের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত আর্থিক লেনদেন এবং সম্পদের বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে।একাধিক সংস্থার সমন্বয়ে তদন্তজানা গেছে, পুরো তদন্ত কার্যক্রমের নেতৃত্ব ও সমন্বয় করছে বিএফআইইউ। এর সঙ্গে যুক্ত রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি শিল্পগোষ্ঠীর আর্থিক কার্যক্রম আলাদাভাবে পর্যালোচনা করা হয়েছে। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করে গোপনীয়তার সঙ্গে অনুসন্ধান চালানো হয়েছে।তদন্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংকিং লেনদেন, ঋণ গ্রহণ ও পরিশোধের তথ্য, ব্যবসায়িক লেনদেন, সম্পদ অর্জন এবং দেশ-বিদেশে অর্থ স্থানান্তরের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়েছে।যেসব অভিযোগ তদন্তে এসেছেসরকারি সূত্রের দাবি, সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তদন্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়া, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন, কর ও শুল্ক ফাঁকি এবং বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থ বিদেশে পাচারের অভিযোগ।তদন্তকারীরা এসব অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন ও নথিপত্র পর্যালোচনা করেছেন। কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা আদালতে উপস্থাপনের জন্য প্রমাণের ধরন ও মাত্রা বিবেচনা করে নির্ধারণ করা হবে বলে জানা গেছে। ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাইঅনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট অধিকাংশ শিল্পগোষ্ঠীর ব্যাংক হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক ঋণ, ঋণের ব্যবহার, অর্থের উৎস ও প্রবাহ, ব্যবসায়িক লেনদেন এবং প্রকৃত সুবিধাভোগীদের (beneficial owner) বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।দেশের বাইরে সম্পদ থাকার সম্ভাবনাও তদন্তে গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্ভাব্য সম্পদ ও আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ পাঠানো হয়েছে।তদন্ত শুরুর প্রক্রিয়াসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএফআইইউকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। এরপর বিভিন্ন সংস্থার সমন্বয়ে যৌথ তদন্তের উদ্যোগ নেওয়া হয়। পরে ৬ জানুয়ারি তদন্তের কাঠামো ও কার্যপদ্ধতি চূড়ান্ত করা হয়।এরপর ধাপে ধাপে সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীগুলোর আর্থিক নথি, ব্যাংক হিসাব, ঋণ, সম্পদ এবং দেশ-বিদেশের লেনদেনের তথ্য যাচাই করা হয়।এবার আদালতে যাওয়ার প্রস্তুতিতদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করায় এখন সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠী ও ব্যক্তিদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংগৃহীত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপনের পর পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।তবে তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া মানেই আদালতে তাদের অপরাধ প্রমাণিত হয়েছে—এমন নয়। অভিযোগের সত্যতা ও দায় শেষ পর্যন্ত আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, অর্থ পাচার, ব্যাংকিং খাতের অনিয়ম, কর ফাঁকি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের বিষয়ে তদন্ত আরও বিস্তৃত হতে পারে। দেশীয় তদন্তের পাশাপাশি বিদেশি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।স্কাই টাইমস / এমএ / ০৮ জুলাই