উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক: ||
হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনার পর ইরানের বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ইরানের তেল রপ্তানির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইরানের ৮০টি অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে।বুধবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনাকে ওয়াশিংটন সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে দেখছে। এ ঘটনার জন্য ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্ক করেন।রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে গেছে।গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি অস্থায়ী সমঝোতার অংশ হিসেবে মার্কিন অর্থ বিভাগ ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। তবে মঙ্গলবার সেই অনুমোদন প্রত্যাহার করে সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।এদিকে, ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশে তিনটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি এবং এ বিষয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলমান উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।বিশ্লেষকদের মতে, হরমুজে সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপ ওয়াশিংটন-তেহরান সম্পর্ককে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। একই সঙ্গে সম্ভাব্য পাল্টাপাল্টি পদক্ষেপ বৃহত্তর সমঝোতা প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করতে পারে।স্কাই টাইমস / এমএ / ০৮ জুলাই