উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা, ৬ জুলাই: প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতিতে নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।সোমবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী নিজেও দীর্ঘ সময় অন্যায় ও অবিচারের শিকার হয়েছেন। তবে তিনি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেননি। বরং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুশাসিত রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, অপরাধের ধরন ও গুরুত্ব বিবেচনায় প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে এবং শাস্তির মূল উদ্দেশ্য হলো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা।তিনি আরও বলেন, অতীতে অনেক পরিবার স্বজন হারিয়েও বছরের পর বছর বিচার থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।আইন সংস্কারের বিষয়ে চিফ হুইপ বলেন, মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার উন্নয়ন সহযোগীদের গঠনমূলক মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় আইন ও নীতিমালার সংস্কারের মাধ্যমে নাগরিকের অধিকার সুরক্ষা এবং জীবনমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ সময় তিনি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের নেতৃত্ব ও অবদানেরও প্রশংসা করেন।পরামর্শ সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের কূটনৈতিক প্রতিনিধিরা, জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্কাই টাইমস/ এমএ/ ০৬ জুলাই