উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে দ্রুত শক্তি সঞ্চয় করছে টাইফুন ‘বাভি’। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি অতি শিগগিরই সুপার টাইফুনে পরিণত হতে পারে। সম্ভাব্য আঘাতের মুখে থাকা যুক্তরাষ্ট্রের অধীনস্থ গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দারা ঘরবাড়ি সুরক্ষিত করতে প্রস্তুতি নিচ্ছেন।শুক্রবার (৩ জুলাই) দ্য হিন্দু'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সব বাসিন্দারই অন্তত শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের জন্য প্রস্তুত থাকা উচিত। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে অঞ্চলটির জন্য উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।সর্বশেষ অবস্থান অনুযায়ী, বাভি মার্শাল দ্বীপপুঞ্জ ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী জলসীমায় অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৬৭ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ২০৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।আবহাওয়া বিশ্লেষকদের পূর্বাভাস, পশ্চিমমুখে অগ্রসর হওয়া বাভি আরও শক্তিশালী হয়ে সুপার টাইফুনে রূপ নিতে পারে। সে ক্ষেত্রে এর বাতাসের গতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার অতিক্রম করবে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় তা প্রায় ২৭৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এমন শক্তি ক্যাটাগরি-৫ হারিকেনের সমপর্যায়ের বলে বিবেচিত হয়।পূর্বাভাসে আরও বলা হয়েছে, আঘাত হানার আগে ঝড়টি কিছুটা দুর্বল হতে পারে। তবে আগামী সোমবার সকালে গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।আবহাওয়াবিদদের ভাষ্য, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি হলে তাকে ‘সুপার টাইফুন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। স্কাই টাইমস /টিএম/৪ জুলাই