উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান এবং এর নেতৃবৃন্দকে নিয়ে দেশের কয়েকটি সংবাদমাধ্যম পরিকল্পিতভাবে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, সাংবাদিকতার স্বীকৃত নীতিমালা উপেক্ষা করে প্রমাণ ছাড়াই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কিছু গণমাধ্যম সংঘবদ্ধ প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের অধীন দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং বাংলানিউজ জুলাই গণঅভ্যুত্থানবিরোধী প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, এমপিকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করা হয়।বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ এবং একটি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা আরও জোরদার হয়েছে।এনসিপি অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট-এর একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দাবি করে, গত ২৮ জুন সকাল ৭টা থেকে ১ জুলাই দুপুর ৩টা পর্যন্ত ৮০ ঘণ্টায় বসুন্ধরা গ্রুপের কয়েকটি গণমাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ৯৯টি নেতিবাচক কনটেন্ট প্রকাশিত হয়েছে। অনেক ক্ষেত্রে একই প্রতিবেদন একাধিক মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে প্রকাশ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।দলটি আরও দাবি করে, জুলাই গণঅভ্যুত্থান এবং এর নেতাদের নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশের কারণে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি পাঠক-দর্শকদের আস্থা কমে গেছে। একই সঙ্গে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের টকশোতেও আওয়ামী লীগের পক্ষে বক্তব্য উপস্থাপনের প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করা হয়।বিবৃতিতে এনসিপি উল্লেখ করে, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সংবাদমাধ্যমগুলোর আত্মসমালোচনা ও সংস্কারের সুযোগ থাকলেও তা দৃশ্যমান হয়নি। বরং গণঅভ্যুত্থানের সময়কার অবস্থানের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বা সাংবাদিকদের কেউই প্রকাশ্যে ভুল স্বীকার করেননি বলে দাবি করে দলটি।সংবাদমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে এনসিপি মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের টকশোতে সঞ্চালক বা আলোচক হিসেবে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সরকারের প্রতিশ্রুত স্বাধীন গণমাধ্যম কমিশন দ্রুত গঠনেরও দাবি জানিয়েছে দলটি।এ বিবৃতিতে স্বাক্ষর করেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।স্কাই টাইমস/ এমএ/ ০৩ জুলাই