উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বকাপ ডেস্ক ||
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও কেপ ভার্দের লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। শক্তি, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখানো হয়েছে। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দের সামনে ইতিহাস গড়ার সুযোগ থাকলেও কাগজে-কলমে এগিয়ে রয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের সম্ভাব্য ফল নির্ধারণে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়েছে অপটার সুপারকম্পিউটার। সেই বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। অন্যদিকে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬.৮ শতাংশ, আর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ১২.৩ শতাংশ। শুধু নির্ধারিত সময় নয়, অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও হিসাব করা হয়েছে এই পূর্বাভাসে। সেখানে শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ৮৯.৪ শতাংশ, আর কেপ ভার্দের সম্ভাবনা ১০.৬ শতাংশ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে বিশ্বকাপে অভিষেক আসরেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। স্পেন, সৌদি আরব ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টানা তিনটি ড্র করে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। এবার তাদের লক্ষ্য শক্তিশালী আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানিয়ে আরও একটি ইতিহাস গড়া। স্কাই টাইমস / টিএম / ৩ জুলাই