উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক: ||
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত আটজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের দিকে যাওয়ার পথে বেলুচিস্তান-খাইবার পাখতুনখোয়া সীমান্তসংলগ্ন ঝোব জেলার দানাসার এলাকায় বাসটি গভীর খাদে পড়ে যায়।দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।বেলুচিস্তান সরকারের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে। তিনি বলেন, দুর্ঘটনার পর বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রশাসনের উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান পরিচালনা করছে। উদ্ধারকাজে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ), স্বাস্থ্য বিভাগ, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাও অংশ নিয়েছে।তিনি আরও জানান, প্রাথমিক তথ্যে দেখা গেছে বাসটিতে নির্ধারিত আসনের চেয়ে বেশি যাত্রী ছিলেন। এর আগে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের যাত্রীরাও এই বাসে উঠে যাত্রা করছিলেন, ফলে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।সূত্র: দ্য ডন, জিও নিউজ স্কাই টাইমস / টিএম / ৩ জুলাই