উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়েছে। তার জানাজায় প্রায় ২ কোটি মানুষের উপস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে এটি ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজাগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, জানাজা শেষে খামেনিকে তার জন্মস্থান মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে দাফনের পরিকল্পনা রয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান।এদিকে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার জানাজার নামাজে ইমামতি করার আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত সুপ্রিম লিডারের প্রতিনিধি হাকিম ইলাহী। তবে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে এ অনুমতি দেয়নি।ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে হাকিম ইলাহী বলেন, হামলার পর প্রথমবারের মতো জনসমক্ষে আসতে চেয়েছিলেন মোজতবা খামেনি। এমনকি জানাজার নামাজও পড়ানোর ইচ্ছা ছিল তার। কিন্তু নিরাপত্তাবাহিনী মনে করেছে, বর্তমান পরিস্থিতিতে তার প্রকাশ্যে উপস্থিত হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।তিনি আরও জানান, সম্প্রতি ইরান সফরের সময় মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করা কয়েকজন ব্যক্তির কাছ থেকে তিনি এ তথ্য জেনেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা সংস্থাগুলো স্পষ্টভাবে জানিয়েছে যে তারা তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। ফলে আপাতত তার জনসমক্ষে আসার সম্ভাবনা খুবই কম।মোজতবা খামেনি জানাজার নামাজ পরিচালনার জন্য অন্য কাউকে মনোনীত করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে হাকিম ইলাহী বলেন, এ বিষয়ে তিনি কাউকে মনোনয়ন দেননি। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে নতুন সর্বোচ্চ নেতাই জানাজার নামাজ পরিচালনা করতেন, তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সেটি সম্ভব হচ্ছে না।খামেনির জানাজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না; এটি ইরানের জন্য একটি বড় রাষ্ট্রীয় ও রাজনৈতিক ঘটনাতেও পরিণত করার চেষ্টা করা হচ্ছে। শোকযাত্রায় অংশ নেওয়া অনেকেই ইরানের পতাকা, ধর্মীয় প্রতীক ও খামেনির প্রতিকৃতি বহন করেন। চলমান আঞ্চলিক সংঘাতের প্রভাবও অনুষ্ঠানে স্পষ্ট ছিল- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান এবং প্রতিশোধের আহ্বান।তেহরানের আনুষ্ঠানিকতার পর খামেনির মরদেহ ধর্মীয় নগরী কোমে নেওয়া হবে। এরপর ইরাকের শিয়া মুসলিমদের পবিত্র শহর নাজাফ ও কারবালায়ও তাকে ঘিরে শোকানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। এই ধারাবাহিকতার মাধ্যমে ইরান তার সর্বোচ্চ নেতার ধর্মীয় ও রাজনৈতিক উত্তরাধিকারকে বৃহত্তর শিয়া ধর্মীয় পরিসরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।খামেনির জানাজা ইরানের ইতিহাসে অন্যতম বড় রাষ্ট্রীয় শেষকৃত্য হিসেবে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও বিপুল মানুষের অংশগ্রহণ ইরানের রাষ্ট্রীয় কাঠামো ও সমর্থকদের শক্তির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আল জাজিরা স্কাই টাইমস / টিএম/ ৩ জুলাই