উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২০২৫–২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের সামগ্রী বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারি অর্থে কেনা বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার প্রকৃত উপকারভোগীদের কাছে না পৌঁছে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের স্বজনদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম। স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাইমুন ইসলামের নামে সরকারি একটি বাইসাইকেল বরাদ্দ ছিল। তবে শিক্ষার্থীর হাতে সাইকেলটি তুলে না দিয়ে মাওলানা তাজুল ইসলাম নিজেই মাস্টাররোলে স্বাক্ষর করে সেটি গ্রহণ করেন। পরে সেই সাইকেল তিনি নিজের নাতিকে (কিছু সূত্রে নাতনি) ব্যবহার করতে দেন বলে অভিযোগ ওঠে।ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে বুধবার দুপুরে বিতর্কিত ওই বাইসাইকেল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফেরত দেওয়া হয়।এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের দাবি, সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।স্কাই টাইমস/ আহসান তানিল/ ২ জুলাই